কিছুক্ষণ আগে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চেক আউট করেছেন আফতাব আহমেদ। বাংলাদেশ থেকে তিনদিনের সফরে তিনি এখানে এসেছেন। চেকআউট করার পর তার প্রথম কাজ হলো একটা গাড়ি ভাড়া করা। নিজের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে। নিজের গাড়ি সব সময় নিজেই ড্রাইভ করতে ভালোবাসেন। পেশায় তিনি একজন আইনবিদ। তবে দুবাইতে তিনি কোনো আইন বিষয়ক কাজে আসেননি। ব্যবসায়িক কাজেও আসেননি। তিনি এসেছেন একটা বিশেষ কারণে। স্ত্রী পুত্র আর কন্যাকে সাথে আনার সুযোগ নেই। তিনি একাই এসেছেন। অবশ্য স্ত্রী পুত্র কন্যা কেউ দেশে নেই। একটা গাড়ি ভাড়া নিতে পারলে তখন আসেপাশে ঘুরে দেখা সহজ হবে। হাতে তিনদিন সময় আছে। ফিরতি টিকেট আগেই করা আছে। এমনকি সেই টিকেট তিনি করেছেন দুবাই আসারও অনেক আগে। অর্থাৎ আগে ফেরার টিকেট করেছেন তারপর আসার টিকেট করেছেন। গাড়ি ভাড়া নিতে পারলে সেই গাড়ি ড্রাইভ করে পছন্দসই হোটেল খুঁজে নেওয়া যাবে। তার এই দুবাই সফরের কথা স্ত্রী পুত্র কন্যা কেউ জানে না। শুধু আমি জানি। আমি তার একজন বন্ধু। অবশ্য শুধু তার একার বন্ধু না বরং পাশাপাশি তার পুত্র আর কন্যারও বন্ধু। তাকে আমি চিনেছি তার কন্যার মাধ্যমে। সে বিরাট কাহিনী সেটা না হয় অন্য একদিন বলা যাবে।
আফতাব আহমেদ অত্যন্ত মেধাবী আর জ্ঞানী একজন মানুষ। যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি নিজেই যথেষ্ট হওয়ার পরও প্রায় সর্বক্ষেত্রে তিনি তার কয়েকজন বন্ধু ও শুভাকাঙ্খীর সাথে আলোচনা করে তাদের মতামত জানতে চেষ্টা করেন। সৌভাগ্যক্রমে সেই কয়েকজন শুভাকাঙ্খীর একজন আমি। নানা বিষয়ে তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে আলোচনা করেন। একদিন আমি তাকে বললাম আমি খুবই সাধারণ মানুষ। জ্ঞানগরিমাও তেমন নেই। তারপরও আমার মতামত নেন কেন? তিনি হাসলেন। বললেন কাছের মানুষদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আমাদের বন্ধুত্ব দশ বছরের । তবে দেখা হয়েছে মাত্র চার বার। তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। মালয়েশিয়া,ইংল্যান্ড সহ বিভিন্ন জায়গায় থেকেছেন পড়াশোনা ও কাজের সুবাদে। হঠাৎ তার বাবা অসুস্থ হলে সংবাদ পেয়ে চলে এসেছেন। বিষয়টা এতো দ্রুত ঘটেছিল যে সাথে করে স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে আসতে পারেননি। এক সন্ধ্যায় তিনি আমাকে ফোন করলেন। সব সময়ইতো করেন। আমাকে ফোন করে বললেন তানজিম সাহেব আপনার সাথে একটা বিষয়ে আলোচনা করবো বলে ফোন দিলাম। আমি তাকে বললাম সেটা আপনি না বললেও আমি বুঝতে পেরেছি। আপনি কাজের মানুষ। কাজের কথা ছাড়া আপনার থেকেতো আর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীদের মত টাইমপাস করার মত গল্প শোনার আশা করতে পারি না। তিনি আমার কথা শুনে একটু হাসলেন তারপর তিনি জানালেন তিনি দুবাই যাচ্ছেন। কেন যাচ্ছেন সেটাও জানালেন আর আমার মতামত জানতে চাইলেন।
তার কাছ থেকে পুরোটা শুনে আমি বিস্মিত হলাম। পাশাপাশি মুগ্ধও হলাম। তিনি দুবাই যাচ্ছেন মূলত তার স্ত্রী পুত্র আর কন্যাকে সারপ্রাইজ দিবেন বলে। তারা বাংলাদেশে আসবে। আফতাব সাহেব নিজেই টিকেট করে দিয়েছেন। তারা অবশ্য জানে না যে সেই ফ্লাইটে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন ট্রানজিট নিবে আর নতুন একজন যাত্রী তাদের পাশের সিটে উঠবে সেই যাত্রী কে। সেটা মূলত আফতাব সাহেব নিজে। স্ত্রী পুত্র কন্যার জন্য টিকেট কাটার সময়ই তিনি দুবাই থেকে বাংলাদেশ পযর্ন্ত নিজের নামেও একটা টিকেট করেছেন। আমেরিকা থেকে তারা যখন দুবাইয়ে ট্রানজিট নিবে তখন নিশ্চই কল্পনাও করবে না ওখানে আফতাব সাহেবের সাথে দেখা হবে। আফতাব সাহেবের এই পরিকল্পনা সত্যিই দারুণ। আমিও বললাম এটা হবে জীবনের অন্যতম চমকপ্রদ ঘটনা। এরপর নির্ধারিত দিনে তিনি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। যেহেতু এতোটা পথ এতোগুলো টাকা খরচ করে যাবেন তাই তিনি স্ত্রী পুত্র কন্যারা যেদিন দুবাইয়ে ট্রানজিট নিবে তার তিনদিন আগে দুবাই পৌছালেন। যেন আশেপাশে ঘুরে দেখা যায়। সেই ভাবনা থেকেই তিনি দুবাই এসেছেন। এবং নিজের জন্য একটা গাড়ি ভাড়া নিবেন বলে পাশেই আল ইসলাহ রেন্ট এ কারে উপস্থিত হলেন।
লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে দেশে বিদেশে নানা যায়গায় চাকরি করেছেন। তারপর দীর্ঘদিন আমেরিকাতে সেটেল্ড। ফলে ইংরেজীতে তিনি খুবই নেটিভ স্পিকার বলা যেতে পারে। তিনি আল ইসলাহ রেন্ট এ কারে গিয়ে তার চাহিদার কথা ইংরেজীতেই জানালেন। রেন্ট এ কারের মালিক সব মনোযোগ দিয়ে শুনলেন এবং তাকে খুটিয়ে খুটিয়ে দেখলেন। এরপর তার পাসপোর্ট,ভিসা,ড্রাইভিং লাইসেন্স সব চেক করলেন । রেন্ট এ কার থেকে গাড়ি ভাড়া নেওয়ার জন্য কিছু শর্তও দিলেন। প্রথম শর্ত হলো ১ হাজার দিরহাম সিকিউরিটি হিসেবে জমা রাখতে হবে। আর গাড়ির ভাড়া দৈনিক ৫০০ দিরহাম। তবে ফুয়েল বা তেল যা লাগে নিজ খরচে ব্যবহার করতে হবে। আফতাব সাহেব রাজি হলেন। নির্ধারিত ফর্ম পূরণ করে তার কাছে জমা দিলেন।
আফতাব সাহেব এক সময় সেভ দ্য চিলড্রেন্স এ কাজ করেছেন। ফলে মানুষ নিয়ে কাজ করার চমৎকার অভিজ্ঞতা তার আছে। তাছাড়া ব্যরিস্টার হিসেবেও তিনি কিছুদিন প্র্যাকটিস করেছেন। সেই জীবনেও আছে দারুণ সব গল্প। সেই সব গল্প তিনি প্রায় সবই আমাকে বলেছেন। তিনি সব সময় বলেন তানজিম সাহেব আপনি হলেন আমার কথা জমিয়ে রাখা সিন্দুক। আপনি হলেন আমার কথা জমা রাখা ডায়েরি। তার জীবনের কত গল্প যে আমাকে তিনি বলেছেন। আমাকে বলতেন লিখে রাখুন। গল্প হয়ে উঠবে। আমি লিখি লিখি করে আর লেখা হয় না। আমি যদি লেখক হতাম তাহলে হয়তো সুন্দর করে তার জীবনের গল্প লিখতে পারতাম। তারপরও কিছু কিছু লিখতে চেষ্টা করেছি। হয়তো লিখতে লিখতেই লেখক হলেও হতে পারি। মূল গল্পে আবার ফিরে আসি। তিনি আল ইসলাহ রেন্ট এ কারের অফিসে যে লোকটির কাছে ফর্ম জমা দিলেন তার দিকে তাকিয়ে জানতে চাইলেন আপনিই কি এই প্রতিষ্ঠানের মালিক? লোকটি জানালো তিনিই মালিক। টেবিলের একদিকে একটা পেন স্ট্যান্ডে অবশ্য নাম খোদাই করা দেখলেন। এতোক্ষণ খেয়াল করেননি। মালিকের নাম জয়নুল আবেদীন। নাম এবং চেহারা দেখে লোকটিকে বাঙ্গালী বলে মনে হলো আফতাব আহমেদের। তিনি কৌতুহল চেপে না রেখে জানতে চাইলেন আপনি কি বাংলাদেশী? লোকটি জানালো তিনি বাংলাদেশী। এবার আফতাব সাহেব তার সাথে বাংলাতেই কথা বলতে শুরু করলেন।
বিদেশ বিভূইয়ে ব্যবসা করা জয়নুল আবেদীন কত দেশের মানুষের সাথে কথা বলেন। সবার সাথেই ইংরেজীতে কথা বলতে হয়। হয়তো মাতৃভাষায় কথা বলার সুযোগই মেলে না। অবশ্য বাড়িতে স্ত্রী পুত্র কন্যা থাকলে আলাদা কথা। আফতাব সাহেব মানুষের সাথে পরিচিত হলে আন্তরিকতার কোনো কমতি রাখেন না। তিনি তার সাথে সময় থাকলে নানা বিষয়ে গল্প করেন। জয়নুল আবেদীনের সাথেও তিনি গল্প জুড়ে দিলেন। জানতে চাইলেন এখানে কতদিন হলো এসেছেন। পরিবারে কে কে আছে এবং তারা কি এখানেই থাকে নাকি বাংলাদেশে থাকে? জয়নুল আবেদীন জানালেন পরিবার তার সাথেই থাকে। বাবা মা ভাই বোন গ্রামে থাকে। পরিবারে তার একটি কন্যা আছে যার বয়স দশ বছর।ছোট্ট সুখী পরিবার। আফতার সাহেবের নিজেরও একটি কন্যা আছে। তিনি মেয়েকে ভীষণ ভালোবাসেন। জয়নুল আবেদিন সাহেবেরও একটি কন্যা আছে এবং সেও প্রায় তার মেয়ের বয়সী শুনে তার সম্পর্কেও জানতে আগ্রহী হলেন। তিনি জানতে চাইলেন মেয়েটির নাম কী এবং কিসে পড়ছে। জয়নুল আবেদীন জানালেন তার মেয়ের নাম মায়মুনা ইসলাম। সে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে। পাশাপাশি বাসায় বসে বসে পবিত্র কুরআন হিফজ করছে।
আফতাব আহমেদ তার কথা শুনে ভীষণ মুগ্ধ হলেন। বিশেষ করে তার বলা শেষ কথাটা তাকে চুম্বকের মত আটকে রাখলো। তিনি জানতে চাইলেন
বাসায় বসে হিফজ করার এই আইডিয়াটা কোথায় পেলেন?
জয়নুল আবেদীনের মুখটা উজ্জল হয়ে উঠলো। তিনি জানালেন ফাতিহা আয়াত নামে তের বছর বয়সী একটি মেয়েকে চেনেন যে পরিবারের সাথে আমেরিকাতে থাকে। সেই ছোট্ট মেয়েটি বাসায় বসে বসে পবিত্র কুরআন হিফজ করছে। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তিনি এবং পরিবারের সবাই নিয়মিত দেখেন। তার মেয়ে মায়মুনাও ফাতিহা আয়াতের ভক্ত। তার থেকে অনুপ্রাণিত হয়েই মায়মুনা জেনারেল লাইনে পড়াশোনার পাশাপাশি পবিত্র কুরআন হিফজ করা শুরু করেছে। বেশ কয়েক পারা হিফজ সম্পন্ন করেছে। আফতাব আহমেদকে তিনি বললেন আপনি কি ফাতিহা আয়াতের নাম শোনেন নি? মেয়েটা অনেক পপুলার। সে অনেক বার জাতিসংঘে ভাষণ দিয়েছে। এছাড়াও বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়েও বক্তব্য দিয়েছে। শিশু অধিকার সহ নানা বিষয়ে সে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। মেয়েটির বাড়ি বাংলাদেশে। গোটা বাংলাদেশীদের জন্য সে গর্বের বিষয়। তাকে নিয়ে আমরা গর্ব করি। কতইনা সৌভাগ্যবান ফাতিহা আয়াতের বাবা মা। তার কথা শুনে আফতাব সাহেব বললেন ফাতিহা আয়াত নামটা বেশ পরিচিতই লাগছে। তার কথা শুনে জয়নুল আবেদীন বললেন দাড়ান আপনাকে ফাতিহার ভিডিও দেখাই তাহলে চিনতে সুবিধা হবে।
আফতাব সাহেব দেখলেন জয়নুল আবেদীন মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবে ফাতিহা আয়াতের চ্যানেল খুঁজে বের করলেন। ফাতিহা যেখানে নিয়মিত ভিডিও আপলোড করে থাকে। তিনি আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন। ফলে সার্চ লিস্টে শুরুতেই ফাতিহার চ্যানেল চলে আসলো। এবার তিনি চ্যানেলে থাকা প্রথম ভিডিওটা চালু করলেন। যেখানে ফাতিহা আর তার বাবা কথা বলছে। ভিডিওটা চালু হতেই জয়নুল আবেদীনের চেহারা পরিবর্তন হয়ে গেলো। তিনি একবার ভিডিও দেখছেন আরেকবার আফতাব আহমেদের দিকে তাকাচ্ছেন। কারণ ভিডিওতে ফাতিহার সাথে তার বাবাকে দেখা যাচ্ছে আর সেই মানুষটির সাথে জয়নুল আবেদিনের সামনে বসে থাকা মানুষটি দেখতে হুবহু একই রকম। এটা কী করে সম্ভব? বিষয়টা ভেবেই জয়নুল আবেদীন কনফিউজড। তিনি তার কনফিউশন প্রকাশ করে বললেন এটা হলো ফাতিহা আয়াত আর তার বাবা। কিন্তু ফাতিহার বাবার সাথে আপনার চেহারার এতোটা মিল কেন? কিভাবে সম্ভব? তার কথা শুনে গাড়ি ভাড়া নিতে আসা আফতাব আহমেদ হেসে উঠলেন।তারপর বললেন আমিই ফাতিহা আয়াতের বাবা!
আল ইসলাহ রেন্ট এ কারের মালিক জনাব জয়নুল আবেদীনের জীবনে এরচেয়ে বিস্ময়কর ঘটনা কখনো ঘটেছে বলে তিনি মনে করতে পারবেন না। তিনি বিস্ময়ে কিছুক্ষণ কথাই বলতে পারলেন না। আফতাব আহমেদ তার হাতে টোকা দিয়ে বললেন এটা স্বপ্ন নয় সত্যি। তিনি তার দুবাই আসার কারণ জানালেন। তিনদিন পর ফাতিহা, ফালাক্ব আর তার মা আমেরিকা থেকে এমিরেটস এর একটা ফ্লাইটে বাংলাদেশে যাবে। দুবাইতে ট্রানজিট নিবে। তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই মূলত তিনি এখানে এসেছেন। ফাতিহারা সারপ্রাইজড হওয়ার আগে অবশ্য জয়নুল আবেদীন নিজেও সারপ্রাইজড হলেন। তিনি বললেন আপনার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো। একটু আগে যে ফর্মটি পূরণ করে আফতাব আহমেদ তার হাতে ধরিয়ে দিয়েছিলেন সেটি ছিড়ে ফেললেন। এটা দেখে আফতাব আহমেদ একটা কনফিউজড হলেন। তিনি এসেছেন গাড়ি ভাড়া নিতে। সব শর্ত মেনে ফর্ম পূরণ করে দিয়েছেন আর এখন সেই ফর্ম ছিড়ে ফেলার মানে কী? তাকে কি তবে গাড়ি ভাড়া দেওয়া হবে না? তিনি জানতে চাইলেন ফর্ম ছিড়লেন কেন? আমিতো গাড়ি ভাড়া নিতে চাই।জয়নুল আবেদীন জানালেন অবশ্যই আপনি গাড়ি ভাড়া পাবেন। তবে আগে আপনার সাথে যে আলোচনা হয়েছিল এখন পরিচিত হওয়ার পর সেই আলোচনা বদলাতে চাই। আপনাকে বলেছিলাম ১ হাজার দিরহাম সিকিউরিটি মানি জমা দিতে হবে। এখন সেটা লাগবে না। ফাতিহা আয়াতের নামই সিকিউরিটির জন্য যথেষ্ট। আর আপনার কাছে ভাড়া হিসেবে দৈনিক ৫০০ দিরহাম চেয়েছিলাম সেটাও বাদ। আপনি শুধু খরচের টাকাটা দিবেন। মানে ৩৫০ দিরহাম দিবেন। সব শুনে আফতাব আহমেদ বিস্মিত হলেন। জয়নুল আবেদীন তাকে অনুরোধ করলেন তার বাড়িতে যাওয়ার জন্য। এক বেলা মেহমান হিসেবে তাকে আপ্যায়ন করার সুযোগ চাইলেন। সেই আবদার রক্ষা করতে পারলে হয়তো ভালো হতো কিন্তু আফতাব সাহেবের পক্ষে তা রাখা সম্ভব হলো না।
জয়নুল আবেদীন জানালেন বাড়ি ফিরে গিয়ে যখন মায়মুনা এবং ওর মাকে বলবো ফাতিহা আয়াতের বাবার সাথে দেখা হয়েছিল তখন মায়মুনা নিশ্চই মন খারাপ করবে। বলবে বাবা আমার সাথেও দেখা করিয়ে দিতে। বাবা আংকেলকে বাসায় নিয়ে আসতে। তখন মেয়ের কাছে ছোট হতে হবে। আফতাব সাহেব বললেন এটা অবশ্য ঠিকই বলেছেন। তবে নানা কারণে যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আপনাকে যেন মায়মুনার কাছে বিব্রত হতে না হয় তার একটা ব্যবস্থা করতে পারি। আর তা হলো আপনি বাসায় ভিডিও কল দিন। তাহলে আমি মায়মুনার সাথে কথা বলবো। সাথে সাথে জয়নুল আবেদীন বাড়িতে ফোন করলেন। সেদিন স্কুল ছুটি থাকায় মায়মুনা ঘরেই ছিল। বাবার ফোনটা সেই রিসিভ করেছিল। ফোন রিসিভ করতেই বাবার মুখটা দেখে সে বিস্মিত হয়ে জানতে চাইলো বাবা তোমার মুখতো আজকে এক হাজার ওয়াট বাল্বের মত উজ্জল দেখাচ্ছে। কী ব্যাপার বলোতো শুনি? মেয়েটা তার বুদ্ধিমতী। মাশাআল্লাহ। বাবার মুখের হাসি দেখেই বুঝতে পেরেছে কিছু একটা আনন্দের বিষয় আছে বলেই বাবা তাকে এই সময়ে ফোন করেছে এবং বাবার মুখে এতো হাসি। বাবা তখন বললেন তোমার এক আংকেলের সাথে দেখা হলো। তিনি এখনো আমার সামনে আছেন। তোমার সাথে কথা বলতে চান।
ছোট্ট মায়মুনা অবাক হলো। তার কোন আংকেল এখন বাবার অফিসে আছেন? দেশ থেকে তেমন কেউতো দুবাই আসার কথা না। ছোট মামা? নাকি বড় চাচ্চু? না বড় চাচ্চুরতো পাসপোর্টই নেই। কতবার তাকে বলা হয়েছে একটা পাসপোর্ট করো। একবার ঘুরে যাও দুবাই। কিন্তু কখনোই তিনি পাসপোর্ট করেননি। দেশ ছেড়ে যদি কোথাও যেতে হয় তবে সেটা যাবেন মক্কা আর মদিনায়। আর কোথাও যাওয়ার ইচ্ছে তার নেই। অবশ্য এর মাঝে তিনি পাসপোর্ট করলেও করতে পারেন। মায়মুনা ভাবলো এটা বড় চাচ্চুও হতে পারে আবার ছোট মামাও হতে পারে। মামা অনেকদিন থেকেই বলছিলেন দুবাই ঘুরতে আসবেন। কিন্তু ব্যবসার চাপে কখনো আসতে পারেননি। কে হতে পারে সে ধারণা করতে পারছে না। আবার এমনও হতে পারে এলাকার কেউ হয়তো দুবাই এসেছেন চাকরি নিয়ে। ছোট্ট মায়মুনার মনের মধ্যে যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা জয়নুল আবেদীন সাহেব বুঝতে পারছেন। তিনি মেয়েটির কাছে জানতে চাইলেন তুমি অনুমান করোতো কে হতে পারে? তুমি কিন্তু সেই আংকেলকে খুব পছন্দ করো। যদিও তার সাথে তোমার কখনো কথা হয়নি এমনকি দেখাও হয়নি। বাবার মুখ থেকে এটুকু শুনে ছোট্ট মায়মুনা একেবারেই বিমূড় হয়ে গেলো। এমন এক আংকেল তার সাথে কথা বলতে চান যাকে সে নাকি খুব পছন্দ করে অথচ কখনো দেখা হয়নি, কথাও হয়নি। এমন কেউতো তার দুই কুলের আত্মীয়র মধ্যে নেই। সে এবার বাবাকে বললো বাবা আংকেলের কাছে ফোনটা দাওতো দেখি। জয়নুল আবেদীনের সাথে যা কথা হচ্ছিল সবই শুনছিলেন আফতাব আহমেদ। তিনিও আনন্দ পাচ্ছিলেন। তার হাত থেকে মোবাইলটা নিয়ে যখন আফতাব আহমেদ সালাম দিলেন আর জানতে চাইলেন মায়মুনা কেমন আছো? তখন তাকে দেখে কিছুক্ষণের জন্য মায়মুনা কোনো কথাই বলতে পারলো না। এটা কি স্বপ্ন নাকি সত্যি? তার অবস্থা বুঝতে পেরে আফতাব আহমেদ আবার তাকে সালাম দিলেন। তখন মায়মুনা সালামের উত্তর দিয়ে কথা বলা শুরু করলো। সে কল্পনাও করতে পারেনি ফাতিহা আয়াত আপুর বাবার সাথে সে কথা বলবে। তিন চার মিনিট কথা হলো। তার ইচ্ছে ছিল সব গল্প সামনা সামনি বসে শুনবে তাই সে দাওয়াত করলো আংকেল আপনি বাবার সাথে আমাদের বাসায় চলে আসুন। হোটেল নেওয়ারও দরকার নেই। খুব খুশি হবো। আফতাব সাহেব ছোট্ট মায়মুনাকে কিভাবে না করবেন ভেবে পাচ্ছিলেন না। তাকে উদ্ধার করতে এগিয়ে আসলেন মায়মুনার বাবা জয়নুল আবেদীন। তিনি মেয়েকে বুঝিয়ে বললেন আংকেল এবার আসতে পারবেন না। পরবর্তীতে কখনো আসলে তোমার সাথে দেখা হবে। আর আমরা যখন দেশে যাবো তখনও দেখা হবে। এই শান্তনা দিয়ে মায়মুনার থেকে বিদায় নিতে হলো।
সেই দিনটার কথা হয়তো আজীবন মনে থাকবে মায়মুনার। মনে থাকবে আল ইসলাহ রেন্ট এ কারের মালিক জয়নুল আবেদীনের। আর ফাতিহা আয়াতের বাবা আফতাব আহমেদও নিশ্চই কখনো ভুলতে পারবে না। এতো কিছু যে ঘটছে ফাতিহা,ফালাক্ব বা তার মা এর কিছুই জানতে পারেনি। জানতে পারলেতো আর সারপ্রাইজ থাকবে না। তারাতো তাহলে জেনেই যাবে যে আফতাব সাহেব দুবাইতে এসেছে তাদের রিসিভ করতে। একই ফ্লাইটে এখান থেকে তিনি বাংলাদেশে যাবেন।
জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ফাতিহাদের ফ্লাইট ছাড়বে। বাসার সব কিছু গোছগাছ করে ফাতিহা,ফালাক্ব আর তার মা বের হলেন জন এফ কেনেডি বিমানবন্দরের উদ্দেশ্যে …………. চলমান
১১ মে ২০২৬

